লুঙ্গির ভিতরেই আমার শহর-দুনিয়া

গ্রাম থেকে শহরে আসার সেই দিনটার কথা এখনো পরিষ্কার মনে আছে। বর্ষা। নতুন করে তুলে আনা আমাদের বাড়ির মেঝেতে তখনই পানি উঠে গেছে। চারদিকে পানি আর পানি। কৈশোরের আমি ঘরে বসে থাকতে পারি না। উঁচু সড়ক আর বাজারই তখন আশ্রয়। একদিন হুট করে ঠিক করলাম, জেলা শহরে যাব। টিশার্ট আর লুঙ্গি গায়ে চড়িয়ে বেরিয়ে পড়লাম।

কোথায় যাব জানতাম না। গ্রামের পরিচিত এক বড় ভাইয়ের মেসে গেলাম। তিনি কলেজে পড়েন। আমাকে দেখে বললেন, শহরে আসলে প্যান্ট পরে আসতে হয়। মানুষ কী বলবে? কথাটা খুব স্বাভাবিক ভঙ্গিতে বলা হলেও আমার ভেতরে ধাক্কা দিল। প্যান্ট আমার ছিল না, এমন নয়। পাঞ্জাবি-পাজামাও ছিল। কিন্তু লুঙ্গি পরলে সমস্যা কোথায়? পুরোনো ছিল বলে? নাকি শহরের চোখে লুঙ্গি মানায় না?

বাসস্ট্যান্ড থেকে রিকশা নিয়ে মেস পর্যন্ত এলাম। পথে কেউ কিছু বলেনি। রিকশাওয়ালা তাকায়নি। দোকানদার প্রশ্ন করেনি। তাহলে আপত্তিটা কোথায়? শহর কি সত্যিই পোশাক দেখে মানুষকে মাপতে শেখায়? নাকি আমরা নিজেরাই শহরকে এমন ভাবতে শিখেছি?

শৈশব কেটেছে গ্রামে। বড় হয়েছি সেখানেই। বাবার সঙ্গে বহুবার শহরে এসেছি। বৃত্তি পরীক্ষাও দিয়েছি শহরে এসে। বিকেলে লুঙ্গি পরেই ঘুরেছি। তখন তো কেউ বলেনি, লুঙ্গি পরে আসা যাবে না। বাড়িতে আমি বেশিরভাগ সময় লুঙ্গিতেই থাকি। গ্রামের বাজারে গেছি, রাস্তায় হেঁটেছি। কেউ চোখ কুঁচকে তাকায়নি। তাহলে শহরে এলেই কেন লুঙ্গি প্রশ্নবিদ্ধ হয়ে যায়?

সেদিনের পর থেকে অদ্ভুত এক জেদ কাজ করেছে ভেতরে। যেখানেই যাই, লুঙ্গি সঙ্গে থাকে। বড় হয়েছি, পড়াশোনা করেছি, ঘুরেছি। কক্সবাজারের সৈকতে লুঙ্গি পরে হেঁটেছি। সিলেট, বান্দরবান, সুন্দরবন কোথাও বাদ যায়নি। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজেও  লুঙ্গি আমার সঙ্গী।

দেশের বাইরে গিয়েও ব্যতিক্রম হয়নি। আবুধাবীর গাল্ফ কর্নিশে লুঙ্গি পরে হাঁটছি, মলে ঢুকছি, সিনেমা হলে বসছি। কেউ থামায়নি। দার্জিলিংয়ের রাস্তায়ও কেউ জিজ্ঞেস করেনি, কেন এই পোশাক। লুঙ্গি পরে সাইকেল চালিয়েছি, বাইক চালিয়েছি, নৌকায় চড়েছি। এখন প্লেনে চড়ার ইচ্ছে হয়েছে। সেটাও হবে লুঙ্গি নিয়েই।

আমি বুঝেছি, সমস্যা লুঙ্গিতে নয়। সমস্যা আমাদের দৃষ্টিতে। আমরা পোশাককে শ্রেণি বানাই, মান বানাই, শহুরে-গ্রাম্য ভাগ করি। অথচ লুঙ্গি আমার কাছে কেবল একটি কাপড় নয়। এটা আমার বেড়ে ওঠার স্মৃতি, ভেজা বর্ষার দিন, উঁচু সড়কে কাটানো বিকেল, আর নিজের মতো থাকার সাহস।

শহর আমাকে অনেক কিছু শিখিয়েছে। কিন্তু একটি জিনিস আমি শহরকে শেখাতে চাই। মানুষকে তার পোশাক দিয়ে মাপা যায় না। লুঙ্গি পরে মানুষ ছোট হয় না। বরং নিজের শিকড়কে সঙ্গে নিয়ে হাঁটার ভেতরেই বড় হয়ে ওঠা লুকিয়ে থাকে।

মন্তব্যসমূহ